বিএনপির আচরণে অতীত ফ্যাসিস্ট সরকারের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি: জামায়াত আমির
বিএনপির বর্তমান কর্মকাণ্ডে পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের পূর্ণ প্রতিচ্ছবি বা ফটোকপি ফুটে উঠছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘জান দেবো, জুলাই দেবা না’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সমালোচনা করেন।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির ভূমিকার ওপর অসন্তোষ প্রকাশ করে জামায়াত আমির বলেন, "নতুন কোনো ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি না। তৎকালীন ফ্যাসিস্টরা যা করে গেছে, ঠিক একই আচরণের পুনরাবৃত্তি আপনাদের মধ্যেও দেখা যাচ্ছে।" তিনি বিএনপিকে প্রশ্ন করে বলেন, "আপনারাও তো আমাদের মতো নির্যাতনের শিকার ও মজলুম ছিলেন, তাহলে এখন নিজেরাই কেন জালিমের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন?"
ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, বিগত আওয়ামী শাসনামলে বিএনপির আত্মত্যাগ ও লড়াইয়ের ইতিহাস থাকলেও জুলাই গণঅভ্যুত্থানের পর দলটি যেন তা ভুলে গিয়ে আগের সরকারের রাজনৈতিক চরিত্র ধারণের চেষ্টা করছে। তিনি মন্তব্য করেন, বিগত সরকারের মতো বর্তমান বিরোধী রাজনৈতিক পক্ষকে দমন করা, চক্রান্ত, অপপ্রচার চালানো এবং বলপ্রয়োগ করার প্রবণতাই পরিলক্ষিত হচ্ছে।
পাশাপাশি, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি দেওয়ার প্রবণতারও কড়া সমালোচনা করেন জাতীয় সংসদের এই বিরোধীদলীয় নেতা। দলীয় পরিচয় থাকা একজন আমলাকে সম্প্রতি চুক্তিতে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে নিয়োগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বর্তমানে বিসিএস পরীক্ষা ছাড়াই কেবল দলীয় পরিচিতির জোরে পদোন্নতি ও বড় দায়িত্ব পাওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে। এছাড়া হবিগঞ্জে কিশোর আলিফ হোসেনের ওপর ঘটে যাওয়া হামলার কঠোর নিন্দা জানিয়ে সহিংস রাজনৈতিক আচরণের পুনরাবৃত্তি বন্ধ করার আহ্বান জানান তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











