গ্যাসের দাম বাড়ানো হলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের
দফায় দফায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার পেট্রোবাংলা ঘেরাওয়ের কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র পাঁচ মাসের মধ্যে একাধিকবার জ্বালানির দাম বাড়িয়েছে। অথচ পর্যাপ্ত গ্যাস না পাওয়া সত্ত্বেও সাধারণ মানুষকে প্রতি মাসে নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন আলিফ চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। উল্লেখ্য, হবিগঞ্জে সংঘটিত এক সংঘর্ষের ঘটনায় চোখ হারান আলিফ। চিকিৎসকদের বরাতে আহত আলিফের শারীরিক অবস্থা সম্পর্কে এনসিপি আহ্বায়ক জানান, শনিবার মেডিকেল বোর্ডের বৈঠকের পর আলিফের পরবর্তী চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানানো হবে।
হবিগঞ্জে নিজ দলের নেতাকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় সরাসরি বিএনপির প্রতি অভিযোগ তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এখন পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক বা আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর মাধ্যমে সরকার মূলত এই বার্তা দিচ্ছে যে, ছাত্রদল কিংবা যুবদল চাইলে যাকে ইচ্ছা মারধর করতে পারে এবং তার কোনো বিচার হবে না। সরেজমিনে এলাকায় গেলে সরকারি দলের সংসদ সদস্যদের আসল রূপ দেখা যায় বলে তিনি মন্তব্য করেন।
দেশের সার্বিক পরিস্থিতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ জানান, চারদিকে এখন সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজত্ব চলছে। সরকার বিভিন্ন ১২টি প্রতিষ্ঠানে নিজেদের দলীয় লোক বসিয়ে দিয়েছে। তবে কোন ১২টি প্রতিষ্ঠানের কথা ইঙ্গিত করা হয়েছে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
জনগণের প্রতি আহ্বান জানিয়ে এনসিপি নেতা সতর্ক করে বলেন, এই সরকার দ্রুতই জনতার তীব্র প্রতিরোধের মুখোমুখি হতে যাচ্ছে। সরকারের এমন একপেশে আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং জনগণকে এর বিরুদ্ধে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। বক্তব্যের একপর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে নাহিদ ইসলাম দাবি করেন, তিনি দল ও দেশ পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











