ইসিকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জামায়াতের
নির্বাচন কমিশনকে (ইসি) কোনো প্রভাবের কাছে নতিস্বীকার না করে সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতৃবৃন্দ প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের চোখ-কান খোলা রেখে বস্তুনিষ্ঠভাবে কাজ করার তাগিদ দিয়েছেন।
বুধবার দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর এক প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, আইনগতভাবে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী যেকোনো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে জামায়াত। এ ছাড়া অতীতে রাজনৈতিক বিবেচনায় যেসব ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে বসানো হয়েছিল, নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে তাদের যোগ্যতার বিষয়টিও পুনর্বিবেচনার দাবি তোলা হয়।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার আরও উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে কমিশনের নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে তাদের দল। জামায়াতের এই দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আলোচনার আশ্বাস দিয়েছে ইসি।
পাশাপাশি, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ নিয়ে সরাসরি আপত্তি প্রকাশ করে জামায়াত। দলটির অভিযোগ, অতীতে তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দল (বিএনপি)-এর পক্ষে ভূমিকা পালন করেছেন। ফলে এমন পদে তার বহাল থাকা নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। বৈঠকে নির্বাচনসংক্রান্ত সার্বিক সংস্কার ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে একাধিক দাবি ও মতামত তুলে ধরে প্রতিনিধিদলটি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











