বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। বন্যায় যেসব চাষি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এই আশ্বাস দেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রকাশের বিষয়ে জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের লুটপাটের মানসিকতা অনেকের এখনও দূর হয়নি। তবে এটি স্পষ্ট যে, বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণার পর থেকে প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিবিড়ভাবে তদারকি করছেন। ফলে এই কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ থাকবে না।
অনুষ্ঠানে কুমিল্লার সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, জেলার পরিবেশ রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচি সফল করতে তিনি সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, মেলায় সাধারণ মানুষ আসবেন এবং নিজেদের পছন্দ অনুযায়ী গাছ সংগ্রহ করবেন।
এর আগে মন্ত্রী মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত একটি বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন। র্যালি শেষে তিনি মেলার বিভিন্ন ফলজ ও বনজ গাছের স্টল ঘুরে দেখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











