ঢাকা মেডিক্যাল কলেজের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের ঐতিহ্যবাহী চিকিৎসালয় ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৮০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এসে পৌঁছান তিনি। অনুষ্ঠানস্থলে এসে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রস্তুতকৃত বিভিন্ন শিক্ষামূলক ও উন্নয়নমূলক স্টল ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে কথা বলেন।
প্রধানমন্ত্রীর এই সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই গৌরবোজ্জ্বল উদযাপন অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর অধীন দুটি নতুন ছাত্রী হোস্টেল নির্মাণকাজের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি তিনি কলেজ প্রাঙ্গণে স্মারক বৃক্ষরোপণ করবেন এবং মূল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঐতিহাসিক ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে এক উৎসবমুখর আবহ তৈরি হয়েছে। দেশের শীর্ষ নির্বাহী ও বিশিষ্ট অতিথিদের একনজর দেখতে সকাল থেকেই শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করছেন, এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে প্রধানমন্ত্রী ঢাকা মেডিক্যাল কলেজের বিদ্যমান অবকাঠামোগত সমস্যা দূরীকরণে এবং চিকিৎসাসেবার মান বাড়াতে কার্যকর ও যুগান্তকারী নতুন পদক্ষেপের ঘোষণা দেবেন।
উল্লেখ্য, ১৯৪৬ সালের ১০ জুলাই অনন্য এক গৌরবময় ইতিহাস নিয়ে চিকিৎসাবিদ্যা ও চিকিৎসাসেবার উদ্দেশ্যে ঢাকা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











