পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস,পর্যটক উদ্ধার ও ত্রাণ বিতরণে তৎপর সেনাবাহিনী
পার্বত্য চট্টগ্রাম এলাকায় টানা ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল এবং পাহাড়ধসের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দুর্গতদের উদ্ধার, ত্রাণসামগ্রী বিতরণ, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর এবং যাতায়াত ব্যবস্থা সচল করার কাজ নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন সেনা সদস্যরা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের ফলে পার্বত্য অঞ্চলের একাধিক স্থানে ভূমিধস ও জলাবদ্ধতা তৈরি হয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন ভারী প্রকৌশল যন্ত্রপাতি ব্যবহার করে রাস্তা থেকে মাটি ও ধংসাবশেষ সরানোর কাজ করছেন। একই সঙ্গে ভূমিধসের চরম ঝুঁকিতে থাকা এলাকাগুলো থেকে এ পর্যন্ত প্রায় ২২১টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্গম পাহাড়ি এলাকায় আটকা পড়া পর্যটকদের উদ্ধারে বিশেষ উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। প্রাপ্ত তথ্যানুযায়ী, বান্দরবান থেকে ১৪০ জন এবং সাজেক ভ্যালিতে আটকে থাকা প্রায় ৬০০ জন পর্যটকের মধ্যে প্রথম দফায় ১৫০ জনকে স্থানীয় প্রশাসনের সহায়তায় নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে। অবশিষ্ট পর্যটকদেরও ক্রমান্বয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সেনা সদস্যরা বিভিন্ন এলাকায় রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানীয় জলসহ জরুরি চিকিৎসাসামগ্রী সরবরাহ করছেন। এছাড়া দুর্গত পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
আইএসপিআর আরও জানিয়েছে, সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। যেকোনো জাতীয় সংকট ও প্রাকৃতিক দুর্যোগে দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় অবকাঠামো রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











