কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে সরকার: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী

০৮ জুলাই ২০২৬ - ১৯:১০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে সরকার: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। (ছবি সংগৃহীত)

সনাতন ও শ্রমনির্ভর পদ্ধতি থেকে বের করে দেশের কৃষি খাতকে আধুনিক, লাভজনক এবং পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। বুধবার (৮ জুলাই, ২০২৬) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, বৈজ্ঞানিক গবেষণা, উন্নত প্রযুক্তি ও আধুনিক যান্ত্রিকীকরণের সমন্বয়ে কৃষিকে একটি টেকসই ও প্রতিযোগিতামূলক খাতে রূপান্তর করাই সরকারের লক্ষ্য।

​বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বিশেষ প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। এ সময় সংসদ সদস্যের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী দেশের কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, কৃষকদের ডিজিটাল নেটওয়ার্কে যুক্ত করতে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষককে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনা হচ্ছে, যা সরাসরি সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তি সহজতর করবে।

​কৃষিতে আধুনিক তথ্যপ্রযুক্তির সংযোজন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, চাষাবাদ ব্যবস্থাকে আরও বিজ্ঞানসম্মত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ড্রোন প্রযুক্তি, রিমোট সেন্সিং, ইন্টারনেট অফ থিংস (IoT) এবং স্যাটেলাইট ডেটা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রযুক্তির সহায়তায় ফসলের রোগবালাই নির্ণয়, মাটির স্বাস্থ্য পরীক্ষা, সঠিক সেচ ও সার ব্যবস্থাপনা সুনির্দিষ্টভাবে করা সম্ভব হবে। ফলে উৎপাদন খরচ কমার পাশাপাশি কৃষকদের আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

​জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী জানান, রাসায়নিক সারের ব্যবহার সীমিত করে পরিবেশবান্ধব জৈব সার ও বায়োফার্টিলাইজারের ব্যবহার বাড়ানো হচ্ছে। কৃষকদের আবহাওয়া ও সঠিক শস্য নির্বাচনের পরামর্শ দেওয়া হচ্ছে। সরকারের এসব দূরদর্শী পদক্ষেপের ফলে দেশের কৃষি খাত আরও উৎপাদনশীল, রপ্তানিমুখী ও টেকসই হয়ে উঠবে, যা জাতীয় খাদ্য নিরাপত্তা সুদৃঢ় করতে বড় ভূমিকা রাখবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0