​সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

০৭ জুলাই ২০২৬ - ১৬:০৮
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
​সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেন (ছবি সংগৃহিত)

​বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কার্যক্রম আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান সশরীরে গ্রীষ্মকালীন মহড়া এলাকায় উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে এতটা দীর্ঘ সময় অতিবাহিত করলেন।

​আজ মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকাল ৯টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পৌঁছান। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের আওতাধীন ‘৮ বীর’-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা ঘুরে দেখেন। পুরো মহড়া অঞ্চলটি তিনি পায়ে হেঁটে পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

​উপ-প্রেস সচিব জানান, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং ইউনিটের কমান্ডিং অফিসার (সিও) প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতির বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। সরকারপ্রধান একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা (Verbal Order) মনোযোগ দিয়ে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি ‘রেইড’ (Raid) মহড়া সরাসরি প্রত্যক্ষ করেন।

​একই সঙ্গে প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে সেনাদের অবস্থান, রণকৌশল, আধুনিক সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের নানা দিক পর্যবেক্ষণ করেন। তিনি নিজেই সেনা বাঙ্কারে নেমে অংশ নেওয়া অফিসার ও সদস্যদের সাথে রণকৌশল নিয়ে কথা বলেন। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে থাকা সেনাসদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজখবর নেন এবং কর্তব্য পালনে উদ্বুদ্ধ করেন।

​পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী মহড়াস্থলে সেনাদের জন্য তৈরি করা তাৎক্ষণিক খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা চক্রে মিলিত হন। দেশের সরকারপ্রধানকে এভাবে নিজেদের মাঝে দীর্ঘ সময় পেয়ে উপস্থিত সেনাসদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়।

​পরবর্তীতে উপস্থিত সেনাসদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে।” জাতীয় সংকট নিরসন ও দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

​প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0