চলতি মাসেই স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ, ভোট শুরু অক্টোবরে: তথ্য উপদেষ্টা

০৭ জুলাই ২০২৬ - ১৪:০৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চলতি মাসেই স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ, ভোট শুরু অক্টোবরে: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (ছবি সংগৃহিত)

আগামী অক্টোবর মাস থেকে দেশজুড়ে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে চলতি জুলাই মাসের শেষ দিকে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের জন্য পৃথক চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন।

​মঙ্গলবার (৭ জুলাই) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

​তথ্য উপদেষ্টা জানান, নির্বাচনের প্রাথমিক রোডম্যাপ ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের দ্বিতীয় ভাগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এরপর অক্টোবরের প্রথমার্ধ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে।

​ভৌগোলিক ও মৌসুমী বাস্তবতার ওপর ভিত্তি করে এবারের নির্বাচনের সময়সূচি নির্ধারণে সারা দেশকে চার ভাগে ভাগ করা হয়েছে। অঞ্চলগুলো হলো— হাওর ও উত্তর-পূর্বাঞ্চল, পার্বত্য ও উপকূলীয় অঞ্চল, নদীপ্রধান ও চরাঞ্চল এবং সমতল ও শহরাঞ্চল। যোগাযোগ ব্যবস্থা, বর্ষা, নদীভাঙন ও জোয়ার-ভাটার মতো প্রাকৃতিক পরিস্থিতি বিবেচনা করে পর্যায়ক্রমে ভোট নেওয়া হবে। এর মধ্যে হাওর ও উত্তর-পূর্বাঞ্চলের ইউনিয়ন পরিষদগুলো দিয়ে ভোট শুরু করার পরিকল্পনা রয়েছে।

​ডা. জাহেদ উর রহমান আরও বলেন, বিভিন্ন স্থানে বর্তমানে প্রশাসক নিয়োগ দেওয়া থাকায় নির্বাচন হওয়া নিয়ে অনেকের মনে সংশয় ছিল। তবে সরকার শুরু থেকেই এ বছরের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। সাধারণত শুকনো বা শীতের মৌসুমে বেশি সংখ্যক নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করা হয়।

​তিনি স্পষ্ট করেন, অক্টোবরে ভোট শুরু হলেও সব ধাপের নির্বাচন শেষ হতে অন্তত ১০ থেকে ১২ মাস সময় লাগবে। অর্থাৎ, ২০২৬ সালের অক্টোবরে শুরু হওয়া এই নির্বাচন প্রক্রিয়া আগামী ২০২৭ সালের অক্টোবর নাগাদ গিয়ে পুরোপুরি সম্পন্ন হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0