বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ: দেশের বিপুলসংখ্যক আক্রান্ত চিকিৎসা সেবার বাইরে
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে আজ ১০ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। মূলত মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বাড়ানো এবং এ সমস্যায় আক্রান্তদের অভিজ্ঞতা সর্বসমক্ষে তুলে ধরার লক্ষ্য নিয়ে দিবসটি পালন করা হচ্ছে। চলতি বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—'বাস্তব অভিজ্ঞতা শোনা: আসল কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন'।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক জরিপের তথ্যানুযায়ী, বাংলাদেশের ১৮.৭ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ১২.৬ শতাংশ শিশু-কিশোর মানসিক চিকিৎসাসংক্রান্ত নানা জটিলতায় ভুগছেন। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, এই আক্রান্তদের মধ্যে প্রায় ৯২ শতাংশ মানুষই প্রয়োজনীয় কোনো ধরনের চিকিৎসা সেবার আওতায় আসছেন না।
বিশেষজ্ঞ চিকিৎসকদের তথ্য মতে, মানসিক স্বাস্থ্য সমস্যাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়—গুরুতর মানসিক রোগ ও সাধারণ মানসিক সমস্যা। সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিজঅর্ডার, ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশতা এবং আলঝেইমারস গুরুতর মানসিক রোগের অন্তর্ভুক্ত। অন্যদিকে দুশ্চিন্তা, অনিদ্রা, শুচিবায়ু, ভয় বা ফোবিয়া এবং বিষণ্ণতাকে সাধারণ মানসিক সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। চিকিৎসকরা জানান, বাইপোলার ডিজঅর্ডারের মতো দীর্ঘমেয়াদি মানসিক রোগগুলো চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলেও রোগী পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন না।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











