মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬ মুকুট জিতলেন কেরালার ১৯ বছর বয়সী ক্যাজিয়া লিজ মেজো
ভারতের রাজস্থানের জয়পুরে অবস্থিত জি স্টুডিওসে আয়োজিত এক জমকালো চূড়ান্ত পর্বে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর খেতাব অর্জন করেছেন কেরালার ১৯ বছর বয়সী সুন্দরী ক্যাজিয়া লিজ মেজো। সারাদেশ থেকে আসা ৫২ জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এই বিজয়ের গৌরব অর্জন করেন। জমকালো এই রাতে বিজয়ী ক্যাজিয়ার মাথায় মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৫-এর শিরোপাধারী ম্যানিকা বিশ্বকর্মা।
জাতীয় পর্যায়ের এই জয়ের ফলে ক্যাজিয়া আগামী নভেম্বরে পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন।
জয়ের প্রতিক্রিয়া ও আত্মবিশ্বাসের কথা
ঐতিহাসিক এই জয়ের পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ক্যাজিয়া বলেন, "আমি নিজেকে পৃথিবীর শীর্ষে অনুভব করছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত, যার জন্য আমি বিগত তিন বছর ধরে কঠোর পরিশ্রম করেছি। আমার জন্মভূমি কেরালাকে বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ পেয়ে এবং নিজের শহরে এই মুকুট নিয়ে যেতে পেরে আমি অশেষ আনন্দিত।"
প্রতিযোগিতার অভিজ্ঞতা ও প্রতিকূলতা জয়ের বিষয়ে তিনি বলেন, "সবচেয়ে বড় লড়াইটা সবসময় মানুষের নিজের ভেতরের দ্বিধাদ্বন্দ্বের সঙ্গে হয়। ১৯ বছর বয়সে মিস ইউনিভার্স ইন্ডিয়ার মতো এত বড় মঞ্চে দাঁড়াতে অনেক সাহস ও আত্মবিশ্বাসের প্রয়োজন ছিল। আমি নিজের সেই ভয়কে কাটিয়ে উঠতে পেরেছি এবং আজ এই মর্যাদাপূর্ণ মুকুট অর্জনে সফল হয়েছি।" আগামী দিনে ভারতের জন্য আন্তর্জাতিক মিস ইউনিভার্সের মুকুট ছিনিয়ে আনাকেই তার জীবনের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তিনি।
বিচারকমণ্ডলী ও অন্যান্য বিজয়ী
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারকের আসনে ছিলেন ভারতের প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন, সাবেক মিস ইউনিভার্স ইন্ডিয়া উর্বশী রাউতেলা, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ রিয়া সিংহা, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশবিদ প্রজ্ঞা কাপুর এবং সাবেক মিস ইন্ডিয়া ইউনিভার্স সেলিনা জেটলি।
এবারের আসরে প্রথম রানার-আপ নির্বাচিত হয়ে 'মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ২০২৬' খেতাব পেয়েছেন বৈষ্ণবী গণেশ। দ্বিতীয় রানার-আপ হয়েছেন অনুশ্রী সাতাবলেকার, তৃতীয় রানার-আপ তেজস্বিনী শ্রীবাস্তব এবং চতুর্থ রানার-আপের স্থান অর্জন করেছেন অনুভা বিশিষ্ট চৌধুরী।
সুত্র : এনডিটিভি
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











