ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে আকাশপথে একযোগে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। শনিবার (১১ জুলাই) রাতভর চালানো এই হামলায় ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গাইডেড বোমা ব্যবহার করা হয়। ইউক্রেনীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বহু মানুষ।
ইউক্রেনের রাজধানী কিয়েভেও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। শহরের মেয়র জানিয়েছেন, কিয়েভে দুই শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। কিয়েভে অবস্থানরত সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধিরা জানান, ভোররাতে আকস্মিকভাবে পরপর দুটি বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো শহর। প্রথম বিস্ফোরণটি ঘটার কয়েক মিনিট পর কিয়েভ জুড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে কিয়েভ লক্ষ্য করে প্রায় প্রতিদিনই ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে রাশিয়া। তবে সাম্প্রতিক সময়ে অতি দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার আশঙ্কাজনকভাবে বাড়িয়েছে মস্কো। ফলে ইউক্রেনের বিদ্যমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চরম চাপ তৈরি হয়েছে।
এই হামলা প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাতভর রাশিয়া ১২০টিরও বেশি ড্রোন এবং ১২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে অর্ধেক ক্ষেপণাস্ত্রই ছিল ব্যালিস্টিক ঘরানার। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিমান হামলার সতর্কবার্তা জারি করার আগেই রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো বেসামরিক অবকাঠামোতে আঘাত হানে। সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কির শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালাচ্ছেন। তিনি আরও নিশ্চিত করেন, কিয়েভের বেশ কিছু আবাসিক ভবন, বাণিজ্যিক কার্যালয় এবং একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি শহরের মেয়র আরতেম কোবজার জানিয়েছেন, সেখানে রাশিয়ার গাইডেড বিমান বোমার আঘাতে এক শিশুসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন। এছাড়া পূর্বাঞ্চলের স্লোভিয়ানস্ক শহরে একজন এবং দক্ষিণের বন্দর নগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলায় আরও দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











