দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
দেশে হামের প্রকোপ আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নিশ্চিত হাম এবং এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই এক দিনে নতুন করে হাম ও হামের লক্ষণ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৬৯টি শিশু।
আজ রোববার (১২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এই উদ্বেগের তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ৪ জন হামের উপসর্গজনিত কারণে এবং ১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে।
প্রতিবেদনের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে সর্বমোট ৬৬৪টি শিশু প্রাণ হারিয়েছে। একই সময়ে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হাম প্রমাণিত হয়ে মারা গেছে আরও ৯৪টি শিশু। সব মিলিয়ে গত প্রায় চার মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৭৫৮টি শিশুর মৃত্যু হলো।
এদিকে, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ জন শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে এবং হামের উপসর্গ দেখা গেছে আরও ৮৭৯ জনের মধ্যে। এই সময়ে চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪৯টি শিশু, আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত দেশজুড়ে মোট ১ লাখ ১১ হাজার ৪৮০ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিত হাম রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে ১৩ হাজার ৫০০ জনকে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ৯৪ হাজার ৩৪০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ৯০ হাজার ৬০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











