নাট্যকার মান্নান হীরার স্মারক বক্তৃতায় মামুনুর রশীদ,জীবন ও সমাজ নিয়ে তার দৃষ্টিভঙ্গি ছিল অসাধারণ
প্রয়াত নাট্যকার মান্নান হীরার জন্মজয়ন্তী উপলক্ষে স্মরণ সভা ও নাটক মঞ্চায়নের আয়োজন করেছে দেশের ঐতিহ্যবাহী নাট্যদল আরণ্যক। গত শুক্রবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এই স্মারক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ সভাপতির বক্তব্যে বলেন, মানুষের জীবন ও সমাজব্যবস্থাকে দেখার ক্ষেত্রে মান্নান হীরার দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত গভীর এবং অসাধারণ। তার এই জীবনবোধের প্রতিফলন ঘটেছে ‘এবং বিদ্যাসাগর’, ‘ময়ূর সিংহাসন’ এবং সোভিয়েত ইউনিয়নের পতনকে কেন্দ্র করে লেখা ‘খেলাখেলা’ নাটকের মধ্য দিয়ে। তিনি আরও উল্লেখ করেন, মান্নান হীরার একক নাটক ‘লাল জমিন’ দেশে ও দেশের বাইরে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, যা অভিনেত্রী মোমেনা চৌধুরীর একক অভিনয়ে দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছায়। পাশাপাশি, পথনাট্যের বিকাশে শিল্পবোধ ও সামাজিক সচেতনতার মেলবন্ধন ঘটানোয় মান্নান হীরার অনবদ্য অবদানের কথা স্মরণ করেন তিনি।
সংস্কৃতিজনদের মিলনমেলা
আরণ্যকের প্রধান সম্পাদক হারুন রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে ‘নাট্যচর্চার আধুনিকায়নে বাংলাদেশের একাডেমিশিয়ানদের নিকেশ-কড়চা’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ইউসুফ হাসান অর্ক। মান্নান হীরার প্রয়াণের পর থেকে প্রতি বছরই আরণ্যক নাট্যদল তার জন্মদিন উপলক্ষে এই স্মারক বক্তৃতার আয়োজন করে আসছে। এবার অনুষ্ঠিত হলো এই আয়োজনের পঞ্চম আসর।
স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গবেষক ও নাট্যসমালোচক বিপ্লব বালা, নাট্যজন ঠান্ডু রায়হান, নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা, গবেষক বাবুল বিশ্বাস, নাট্যনির্দেশক ও সংগঠক মোহাম্মদ বারী, অভিনেতা ও নাট্যনির্দেশক আজাদ আবুল কালাম, নাট্যকার অলোক বসু, নাট্যজন শহীদুল মামুন, অভিনয়শিল্পী ও সংগঠক আহাম্মদ গিয়াস, শাহ নেওয়াজ, অভিনেত্রী নাজনীন চুমকি, নাট্যকার আসাদুল ইসলাম, অভিনেত্রী মোমেনা চৌধুরী, সামিউন জাহান দোলা, জয়িতা মহলানবিশ, নাট্যসমালোচক আবু সাঈদ তুলু, সংগঠক তোসাদ্দেক মান্না, নাট্যকার সাইফ সুমন, পরিমল মজুমদার, অপু মেহেদী, শামীমা শওকত এবং প্রশান্ত হালদারসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এর আগে, জন্মজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে গত ৭ জুলাই জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মান্নান হীরার বহুল আলোচিত নাটক ‘ময়ূর সিংহাসন’ মঞ্চস্থ হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











