বডি ডাবল ছাড়াই ২০ ঘণ্টা পানির নিচে শুটিং, নতুন রেকর্ড রাশমিকার
ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নিজের কাজের প্রতি একনিষ্ঠতার নতুন এক নজির গড়লেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার আসন্ন প্যান-ইন্ডিয়ান চলচ্চিত্র 'মাইসা'-র একটি অ্যাকশন দৃশ্যের জন্য কোনো স্টান্ট বা বডি ডাবল ছাড়াই টানা ২০ ঘণ্টা পানির নিচে থেকে শুটিং সম্পন্ন করেছেন তিনি। নির্মাতাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এটিই ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে কোনো নারী অভিনেত্রীর করা প্রথম আন্ডারওয়াটার অ্যাকশন দৃশ্য।
গত ৯ জুলাই (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে এই তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক রাভিন্দ্রা পুল্লে। প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, রাশমিকা ওয়েটস্যুট পরে ডুবুরি ও ক্রু মেম্বারদের সাথে পানির নিচে দৃশ্য ধারণের প্রস্তুতি নিচ্ছেন। দুই দিনব্যাপী চলা এই শুটিংয়ের অভিজ্ঞতাকে নিজের জীবনের অন্যতম কঠিন চ্যালেঞ্জ হিসেবে আখ্যা দিয়েছেন রাশমিকা নিজেই। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানান, কাজটি বেশ পাগলাটে ও কঠিন হলেও তাকে দারুণভাবে রোমাঞ্চিত করেছে।
একটি আদিবাসী অঞ্চলের পটভূমিতে আবেগ ও অ্যাকশনের মিশেলে নির্মিত হচ্ছে 'মাইসা'। এটি রাশমিকার ক্যারিয়ারের প্রথম নারী-প্রধান প্যান-ইন্ডিয়ান অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা, যা প্রযোজনা করছে আনফর্মুলা ফিল্মস। পরিচালক জানিয়েছেন, খুব দ্রুতই ছবিটির টিজার ও মুক্তির তারিখ ঘোষণা করা হবে। ২০২৬ সালের মধ্যেই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, রাশমিকাকে সর্বশেষ 'ককটেল ২' সিনেমায় দেখা গেছে, যা বিশ্বব্যাপী ১৪০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











