আবারও নতুন গান নিয়ে ফিরছেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন
বাংলা সংগীত জগতের প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন নতুন একটি গান নিয়ে আবারও শ্রোতাদের মাঝে ফিরছেন। ৭১ বছর বয়সী এই শিল্পী বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতা কাটিয়ে কিছুটা সুস্থ বোধ করলেই ছুটে যান রেকর্ডিং স্টুডিওতে। গানের প্রতি গভীর ভালোবাসাই তাকে বারবার মাইক্রোফোনের সামনে টেনে আনে।
গত শনিবার (৫ জুলাই) রাজধানীর একটি স্টুডিওতে তার নতুন এই গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। গানটির নাম এখনো চূড়ান্ত না হলেও এটি লিখেছেন জমাদ্দার সবুজ এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন জীবন ওয়াসিফ। এই গানটিতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের তরুণ গায়ক সালমান রাজ।
নতুন গানটি নিয়ে এক ভিডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, 'তরুণ প্রতিভাদের সঙ্গে কাজ করতে আমার সব সময়ই ভীষণ ভালো লাগে। এই গানটির সুর ও চমৎকার কথা প্রথম শুনতেই আমার মন ছুঁয়ে গেছে। জীবন ওয়াসিফ অত্যন্ত প্রতিভাবান একজন সুরকার। আমি আশা করি, তার এই মেধা ও কাজ চারদিকে ছড়িয়ে পড়বে এবং সে ভবিষ্যতে আরও সুন্দর কাজ উপহার দেবে। তার সঙ্গে সামনে আরও গান করার ইচ্ছা আছে।'
দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলা গানে অসামান্য অবদান রাখা এই কিংবদন্তি শিল্পী নতুন সৃষ্টির বিষয়ে এখনো সমানভাবে উৎসাহী। সমসাময়িক অনেক গুণী শিল্পী চলে গেলেও সাবিনা ইয়াসমিনের কণ্ঠ আজও শ্রোতাদের মুগ্ধ করে চলেছে। তরুণ প্রজন্মের সংগীতশিল্পীদের সঙ্গে তার এই মেলবন্ধন ভক্তদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











