আলমডাঙ্গায় রাতের আঁধারে কেটে ফেলা হলো কৃষকের লাউ বাগান, ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

২৬ জুলাই ২০২৬ - ২৩:৩২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় রাতের আঁধারে কেটে ফেলা হলো কৃষকের লাউ বাগান, ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি
আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় কেটে দেওয়া হলো কৃষকের লাউ বাগান।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় রাতের আঁধারে এক কৃষকের ৩৩ শতক জমির ফলনশীল লাউ বাগান কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এতে কৃষক আব্দাল হক জোয়ার্দারের আনুমানিক ২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার সিটি গাড়ি মাঠে এ তাণ্ডব চালানো হয়।

​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করে ওই মাঠে ৩৩ শতক জমিতে লাউয়ের আবাদ করেছিলেন কৃষক আব্দাল হক। বাগানের গাছগুলোতে ফুল, জালি ও ফলন আসতে শুরু করেছিল। আর কয়েক দিনের মধ্যেই ফসল বাজারে বিক্রি করার আশা ছিল তার। তবে শনিবার রাতে একদল অজ্ঞাত দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে পরিকল্পিতভাবে সব লাউগাছের গোড়া কেটে দেয়। রোববার সকালে জমিতে গিয়ে এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত ওই কৃষক।

​কৃষক আব্দাল হক জোয়ার্দার আবেগাপ্লুত হয়ে বলেন, "অনেক কষ্ট করে এই লাউ বাগানটি দাঁড়িয়ে করেছিলাম। গাছে ভালো ফলনও আসছিল। আর কয়েক দিন পরেই বাজারে বিক্রি করতে পারতাম। কিন্তু রাতের অন্ধকারে দুর্বৃত্তরা আমার সব স্বপ্ন শেষ করে দিল। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।"

​এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান। ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করেন। তিনি বলেন, "কৃষকের ফসল কেটে নষ্ট করা একটি জঘন্য অপরাধ। এটি একজন মানুষের জীবিকার ওপর সরাসরি হামলা, যা মেনে নেওয়া যায় না। ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"

​আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, ঘটনাটি তারা জেনেছেন এবং ইতোমধ্যেই হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। ক্ষতিগ্রস্ত কৃষক লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 1
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0