আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, সামারি ট্রায়ালে ১ বছরের কারাদণ্ড
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আবু সাঈদ ওরফে রাব্বি হোসেন (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর সংক্ষিপ্ত বিচার আদালতে (সামারি ট্রায়াল) তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত রাব্বি আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর মন্ডলপাড়ার সাইদুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে শুক্রবার (২৪ জুলাই) রাত পৌনে ১১টার দিকে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) কাজী শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
অভিযানকালে আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর দাসপাড়ায় অবস্থিত 'রিকাত স্টোর'-এর সামনের পাকা রাস্তা থেকে ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাব্বিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরদিন শনিবার (২৫ জুলাই) আসামিকে চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালতে সোপর্দ করা হয়। আদালত শুনানি শেষে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন। অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











