সাতক্ষীরার তালায় ঘের ব্যবসায়ীকে চোর সন্দেহে গাছে বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যা
সাতক্ষীরার তালায় মাছের ঘেরে চুরি করার অপবাদ দিয়ে ক্ষিতিশ মণ্ডল (৫২) নামের এক ব্যবসায়ীকে গাছে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ক্ষিতিশ মণ্ডল তালা উপজেলার সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের মৃত মনিন্দ্রনাথ মণ্ডলের ছেলে। তিনি নিজেও দীর্ঘদিন ধরে মাছের ঘের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
পরিবার ও স্থানীয় অধিবাসীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে জেয়ালা উত্তর খোলা বিলে স্থানীয় ব্যবসায়ী বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির অভিযোগে ক্ষিতিশ মণ্ডলকে ধরা হয়। এরপর ১০ থেকে ১৫ জনের একটি দল তাকে জেয়ালা শ্মশান ঘাট এলাকায় নিয়ে যায় এবং গাছে বেঁধে মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত অমানুষিক নির্যাতন চালায়।
অভিযোগ রয়েছে, বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী ও গফফার শেখসহ অন্য হামলাকারীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে হাত-পা ভেঙে দেয়। একই সঙ্গে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং চোখ উপড়ে ফেলার অপচেষ্টা চালানো হয়।
পরদিন শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ীর চাচাতো ভাই পার্থ মণ্ডল ক্ষোভ প্রকাশ করে জানান, ক্ষিতিশ মণ্ডলের নিজেরই চার বিঘা পরিমাণের একটি মাছের ঘের রয়েছে। কেবল চুরির অজুহাতে একটি মানুষকে এভাবে সারারাত গাছে বেঁধে কুপিয়ে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি এ নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিষয়টি নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, চুরির অপবাদ দিয়ে কুপিয়ে ও পিটিয়ে এক ঘের ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











