চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
চট্টগ্রামের রাউজান উপজেলায় মো. করিম (৪০) নামের এক যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীহাট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত করিম উরকিরচর ইউনিয়নের হারপাড়া এলাকার প্রবাসী মো. শফির ছেলে। তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কেরানীহাট বাজারে অবস্থান করছিলেন করিম। এ সময় পার্শ্ববর্তী পশ্চিম গুজরা ইউনিয়নের দিক থেকে ১০-১২ জনের একটি দল কয়েকটি মোটরসাইকেলে করে বাজারে প্রবেশ করে। তারা করিমকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছুড়ে স্থান ত্যাগ করে। পেটে গুলি লাগায় ঘটনাস্থলেই করিম মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কেরানীহাট এলাকায় করিম নামের এক ব্যক্তির পেটে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।
হত্যাকাণ্ডের ঘটনার পর কেরানীহাট বাজারে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। উরকিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুবিনুল হক জানান, রাতে দুর্বৃত্তরা করিমকে গুলি করার পর আশপাশের লোকজন ও ব্যবসায়ীরা ভয়ে দ্রুত দোকানপাট বন্ধ করে সরে যান। ভয়ে কেউ তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার সাহস পাননি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











