সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে এক শিক্ষিকার মৃত্যু

২৯ আগস্ট ২০২৬ - ১৯:৩৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে এক শিক্ষিকার মৃত্যু
ছবি সংগৃহীত

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে মোসা. রনজিনা পারভীন নামে এক শিক্ষিকা প্রাণ হারিয়েছেন। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

​শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন সড়কে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

​চিকিৎসা নিতে এসে দুর্ঘটনার শিকার

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চোখের চিকিৎসা করানোর উদ্দেশ্যে রাতে বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন শিক্ষিকা রনজিনা পারভীন। শনিবার ভোরে তিনি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে পৌঁছান। সেখান থেকে ফার্মগেট এলাকায় অবস্থিত ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার জন্য একটি রিকশায় ওঠেন তিনি।

​রিকশাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে এসে ছিনতাইকারীরা হঠাৎ তাঁর ভ্যানিটি ব্যাগ ধরে সজোরে টান দেয়। এতে রনজিনা পারভীন সামলাতে না পেরে রিকশা থেকে সড়কে ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে মাথা ফেটে যায়।

​চিকিৎসক মৃত ঘোষণা করেন

ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​ছিনতাইকারীদের গ্রেপ্তারে তৎপর পুলিশ

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, "ছিনতাইকারীদের শনাক্তে কাজ চলছে। আশা করছি, শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারবো।"

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0