নিষ্পত্তির পরদিনই বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার গ্রামবাসীর মধ্যে আবারও দেখা দিয়েছে আতঙ্ক

২২ জুন ২০২৬ - ০৮:১২
প্রকাশিত: ৪ মাস আগে
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নিষ্পত্তির পরদিনই বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার গ্রামবাসীর মধ্যে আবারও দেখা দিয়েছে আতঙ্ক
আলমডাঙ্গা্ কেশবপুরে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

আলমডাঙ্গা প্রতিনিধি ঃ : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামে বিল নিয়ে দীর্ঘ ২৫ বছর ধরে চলা রক্তক্ষয়ী বিরোধের অবসান ঘটলেও একদিন পর  এক বাড়ি থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার হওয়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। রোববার (২১ জুন) সকালে পুলিশ বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে। দীর্ঘদিন ধরে চলমান চেংগিস গ্রুপ ও সালাম গ্রুপের বিরোধ নিষ্পত্তি হওয়ার পর যখন গ্রামবাসী শান্তি ও সম্প্রীতির প্রত্যাশা করছিলেন, ঠিক তখনই এ বোমা সাদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামে একটি  বিলের মালিকানা ও লীজ সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামের সালাম গ্রুপ এ মনসুর আলী চেঙ্গিস খান গ্রুপের মধ্যে দীর্ঘ ২৫ বছর ধরে চরম বিরোধ চলে আসছিল। বিলের এ ঘটনা নিয়ে সালাম গ্রুপ ও চেঙ্গিস গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দফায় দফায় সংঘর্ষ, হামলা ও একাধিক মামলার ঘটনা ঘটে আসছে।

দীর্ঘদিনের এই বিরোধ নিষ্পত্তি ও গ্রামে শান্তি- শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে চুয়াডাঙ্গা জেলা পুলিশ বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের পরামর্শে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান নিজ উদ্যোগে  রাজনৈতিক ও সমাজিক নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে আলমডাঙ্গা থানায় দুই গ্রুপের লোকজনকে নিয়ে শনিবার (২০ জুন) রাতে মতবিনিময় সভা করেন। এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন ও সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু।

মতবিনিময়ের পর চেঙ্গিস গ্রুপ ও সালাম গ্রুপের দীর্ঘদিনের বিরোধের শান্তপূর্ণ সমাধান করা হয়। মঙ্গলবার দুপক্ষের মধ্যে আপোষনামা স্বাক্ষরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল । বিরোধ নিষ্পত্তির পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে এবং সবাই একটি শান্তিপূর্ণ পরিবেশের আশা করতে শুরু করেন। কিন্তু এরই মধ্যে রোববার সকালে কেশবপুর গ্রামের আলী হোসেনের বাড়ি থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।

এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে। বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, কীভাবে সেখানে পৌঁছেছে এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীর মতে, দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির পর এমন ঘটনা গ্রামে ফিরে আসা শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করার আশঙ্কা তৈরি করেছে। তবে তারা প্রশাসনের প্রতি আস্থা রেখে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

সচেতন মহল মনে করেন, বহু বছরের সংঘাতের অবসানের পর কেশবপুরে যে সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়েছে,তা ধরে রাখতে সবাইকে সংযম ও সচেতনতার পরিচয় দিতে হবে। একই সঙ্গে গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত তথ্য উদ্ঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0