শাহজালাল বিমানবন্দরে পার্ক করা গাড়ি থেকে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, চালক পলাতক

১০ আগস্ট ২০২৬ - ১৬:১৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শাহজালাল বিমানবন্দরে পার্ক করা গাড়ি থেকে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, চালক পলাতক
ছবি: সংগৃহীত

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকা থেকে বিপুল পরিমাণ স্বর্ণসহ একটি সন্দেহভাজন গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। উদ্ধার করা এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।

​কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে বিমানবন্দরে আসার পথে চত্বর এলাকায় একটি গতিশীল গাড়িতে তল্লাশির উদ্যোগ নেওয়া হয়। পরিস্থিতি টের পেয়ে চালক মো. শামীম মিয়া গাড়িটি রেখেই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে বিমানবন্দর এলাকায় কর্মরত অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতি ও সহায়তায় এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তারা গাড়িটিতে চিরুনি অভিযান চালান।

​২৪ ক্যারেটের স্বর্ণ ও মূল্যবান সামগ্রী জব্দ

​অভিযান চলাকালে তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে মোট ১৪টি স্বর্ণের বার এবং ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়। কাস্টমস হাউস ঢাকার ল্যাবে পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে, উদ্ধার করা ১ হাজার ৮১২ গ্রাম (প্রায় ১৫৫.৩৫ ভরি) ওজনের এই স্বর্ণ সম্পূর্ণ ২৪ ক্যারেটের।

​এছাড়া গাড়িটি থেকে নগদ ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, ৩টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, ৮টি ডেবিট ও ক্রেডিট কার্ড, ২টি ড্রাইভিং লাইসেন্স এবং ১টি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করেছে সিআইআইডি। পরবর্তীতে উদ্ধার করা যাবতীয় পণ্যের ইনভেন্ট্রি প্রক্রিয়া কাস্টমস হলে সম্পন্ন করা হয়।

​আইনগত ব্যবস্থা ও তদন্ত

​ঘটনার সঙ্গে অন্য কোনো চোরাচালান চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না এবং স্বর্ণগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা উদ্ঘাটনে কাস্টমস গোয়েন্দারা তদন্ত শুরু করেছেন। এ বিষয়ে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0