আলমডাঙ্গায় সার পাচারের চেষ্টার অভিযোগে ২০ বস্তা সার আটক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কৃষকদের জন্য বরাদ্দকৃত সারের চালান পলিথিনে ঢেকে গোপনে অন্য জায়গায় নেওয়ার সময় ২০ বস্তা সারসহ একটি অটোভ্যান আটক করেছে স্থানীয় কৃষকরা । জব্দ করা এসব সার উপজেলা কৃষি বিভাগের প্রতিনিধির জিম্মায় হস্তান্তর করা হয়।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কামালপুর গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে । স্থানীয় কৃষকদের তথ্যানুযায়ী, একটি অটোভ্যান পলিথিনে মুড়িয়ে সার নিয়ে গ্রামে প্রবেশ করলে সন্দেহ তৈরি হয়। কৃষকরা তাৎক্ষণিক গাড়িটি থামিয়ে তল্লাশি চালান এবং তাতে ৫ বস্তা টিএসপি ও ১৫ বস্তা ইউরিয়া সার দেখতে পান।
কামালপুরের স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, সার কিনতে অনুমোদিত ডিলারের কাছে গেলে প্রায়ই সার পান না তারা। অথচ বিভিন্ন সময়ে রাতের আঁধারে বা কাপড়-পলিথিনে ঢেকে সারবোঝাই যানবাহন গ্রামের রাস্তা দিয়ে যাতায়াত করতে দেখা যায়। ঘটনার দিন সকালে সন্দেহবশত অটোভ্যানটি থামানো হয়। জিজ্ঞাসাবাদে চালক স্বীকার করেন, সারগুলো আলমডাঙ্গার সাদা ব্রিজ এলাকার ব্যবসায়ী মোস্তফার কাছ থেকে কিনে মোড়ভাঙ্গা গ্রামের খুচরা বিক্রেতা হিরকের দোকানে নিয়ে যাওয়া হচ্ছিল।
কৃষক আব্দুল আহাদ জানান, প্রায় প্রতিদিন এভাবে গোপনে সার নেওয়ার দৃশ্য চোখে পড়ায় সেদিন তাদের সন্দেহ বাড়ে। সার আটক করার পর তারা কুমারী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলামকে খবর দেন এবং সারের চালক ও গাড়িটি তার কাছে বুঝিয়ে দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম। তিনি বলেন, কৃষকদের আটক করা ৫ বস্তা টিএসপি ও ১৫ বস্তা ইউরিয়া সার যথাযথ প্রক্রিয়ায় জব্দ করে রাখা হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ স্পষ্ট বক্তব্য দেন। তিনি নিশ্চিত করেন যে, আটক সারের চালান জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নিয়মানুযায়ী সার বিক্রির প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। কৃষকের জন্য নির্ধারিত সার অন্যত্র সরানোর বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি বলেন, সরকারি সার নিয়ে কোনো অনিয়ম, পাচার বা কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











