জীবননগর উপজেলায় আইসিটি কর্মকর্তার ঝুলন্ত ম*রদেহ উদ্ধার
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আইসিটি কর্মকর্তা মাহমুদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে পৌর এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত মাহমুদুর রহমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ঝিটকেপোতা গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে ছিলেন। জানা গেছে, আইসিটি কর্মকর্তা মাহমুদুর রহমান ২০২৫ সাল থেকে জীবননগর উপজেলা পরিষদে সহকারী প্রোগ্রামার অফিসার (আইসিটি) হিসেবে যোগদান করেন। সেই থেকে এ উপজেলায় দায়িত্ব পালন করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে ঘুমানোর পর শুক্রবার সকালে ঘর থেকে বের হতে তিনি বিলম্ব করছিলেন। দীর্ঘ সময় রুমের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করতে থাকেন।কোন সাড়াশব্দ না দেখে তাদের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে তারা পাশের কক্ষ থেকে দেখতে পান সিলিং ফ্যানে তার মরদেহ ঝুলছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে সংবাদ পেয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
1
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











